বিজেপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন, পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published:

Fire At Bankura BJP Leader House

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা মাস, তাই নির্বাচনের প্রস্তুতি চলছে জোর কদমে। এমতাবস্থায় বিজেপি নেতার বাড়িতে হামলা (Fire At Bankura BJP Leader House) চালিয়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার ওন্দায়। অভিযোগ, তৃণমূলের কর্মীরা ইচ্ছে করে ওই নেতাকে পরিবার-সহ পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটনাটি ঘটেছে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত নন্দনপুর গ্রামে নাকাইজুড়ি এলাকায় দলীয় কর্মসূচি সেরে গতকাল অর্থাৎ বুধবার রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা তাপস বারিক। তার পরে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েছিলেন তিনি। এরপর গভীর রাতে এক শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। তখনই লক্ষ্য করেন তাঁর বাড়ির খড়ের চালে পেট্রল ঢেলে কয়েক জন দুষ্কৃতী আগুন ধরিয়ে দিয়েছেন। এমনকি ঘর থেকে কেউ যাতে বেরোতে না পারে তার জন্য দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকে দেয় দুষ্কৃতীরা। গ্রামবাসীদের সাহায্যে কোনওক্রমে প্রাণে বাঁচে বিজেপির ওই নেতার পরিবার। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি, BJP করার জন্যই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাপস এবং তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। তাই পুলিশ-প্রশাসনের কাছে এই ঘটনার তদন্তের দাবি করেছেন বিধায়ক। এদিকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা দাবি, “ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই এই অভিযোগ করেছে BJP। আগুন লাগার পরে BJP কর্মীরা পৌঁছনোর আগেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে নেতার পরিবারকে উদ্ধার করেছে। এখন দোষ চাপাচ্ছে আমাদের ওপরে।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে কাটছে জট, আদালতের নির্দেশে খোলা হল নতুন রাস্তা

আক্রান্ত তাপস বারিক নামের ওই বিজেপি নেতার দোকানেও নাকি গতকাল হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে এসেছে। শুধু তাই নয়, ব্যাপক ভাঙচুর ও লুঠপাট করা হয় দোকানে। দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সকাল থেকে নাকাইজুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। আর এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, অভিযোগ পেলে পুলিশ সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

আরও Bankura Jhargram
google button